চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতারা। মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় আয়োজিত অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

 

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, “কর্তৃপক্ষ সমস্যা সমাধানের পরিবর্তে দমন-পীড়ন ও গণবদলি করছে। পরিস্থিতি বিবেচনায় আমরা চূড়ান্ত আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, এনসিটি জেটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়া এবং বন্দর চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকাল ৮টা থেকেই ২৪ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করছিলেন শ্রমিকরা। নতুন ঘোষণার ফলে বন্দরের কনটেইনার ও সাধারণ পণ্য ওঠানামা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর আগে আগ্রাবাদে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

ব্যবসায়ীরা জানান, চার দিন ধরে জাহাজ জেটিতে অপেক্ষমাণ থাকায় আমদানি ব্যয় বাড়ছে। বিজিএমইএ’র সহ-সভাপতি সেলিমুর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই অচলাবস্থার কারণে পোশাক খাতের রপ্তানি শিডিউল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।”

 

বর্তমানে সিসিটি ও এনসিটিসহ সব গুরুত্বপূর্ণ টার্মিনালে অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।



সম্পর্কিত খবর