রাজনীতি

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নারীদের অগ্রযাত্রা রুখে দিয়ে তাদের গৃহবন্দি করতে চায়। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন।

 

তারেক রহমান বলেন, জামায়াতের শীর্ষ নেতারা কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, জামায়াত এখন কৌশলে নারী কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা প্রতারণার অংশ হতে পারে। তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা সকাল-বিকেল মিথ্যা বলে এবং যাদের ইতিহাস বিশ্বাসঘাতকতায় ভরা, তাদের ওপর আস্থা রাখার কোনো কারণ নেই।”

 

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত নেতারা যে ভাষা ব্যবহার করেছেন, তা লজ্জাজনক। সমালোচনার মুখে পরে তারা ‘আইডি হ্যাক’ হওয়ার যে দাবি করেছে, তা মিথ্যাচার বলে তিনি অভিহিত করেন। ১৯৭১ সালে মা-বোনদের ওপর হওয়া নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াত সেই ইতিহাসের দায় এড়াতে পারে না।

 

তারেক রহমান উল্লেখ করেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়। তিনি ইসলামের ইতিহাস টেনে বলেন, “বিবি খাদিজা (রা.) একজন সফল ব্যবসায়ী ছিলেন। তাই ইসলামের দোহাই দিয়ে নারীদের কর্মজীবন নিয়ে কটূক্তির অধিকার কারও নেই।” বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।



সম্পর্কিত খবর