রাজশাহী

জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপন

জয়পুরহাটে ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, “একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের বিকল্প নেই। ডিজিটাল যুগে প্রযুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ার নিয়মিত অভ্যাস গড়ে তুলতে হবে।” অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তুহিন।

 

বক্তারা তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে বইকে সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী পাঠক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর