আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে ১১-দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নারী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট শহরের ডা. আবুল কাশেম ময়দানে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাইদ বলেন, “একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ গঠনে নারীদের ভূমিকা যেমন অপরিসীম, তেমনি দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তাদের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়া জরুরি।” তিনি আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নারী ভোটারসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
জামায়াত নেতা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথিরা নারীদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়।
সরেজমিনে দেখা গেছে, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী নেতাকর্মী ও সমর্থক এই সমাবেশে অংশ নেন। যা নির্বাচনী আমেজে নতুন মাত্রা যোগ করেছে।