ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী আট প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দকালে জেলা প্রশাসক বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাইকে নির্বাচন কমিশনের আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বিধি লঙ্ঘন করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামীর ফজলুর রহমান সাঈদ ‘দাঁড়িপাল্লা’, বাসদের ওয়াজেদ পারভেজ ‘মই’, বাসদ (মার্কসবাদী) তৌফিকা দেওয়ান ‘কাঁচি’ এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন।
অন্যদিকে, জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী ‘ধানের শীষ’, জামায়াতের এস এম রাশেদুল আলম ‘দাঁড়িপাল্লা’ এবং এবি পার্টির প্রার্থী এস এম জাহিদ ‘ঈগল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব-উন-নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) বিপুল কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।