খুলনা

ঝিকরগাছায় নিহত ভ্যানচালকের পরিবারের পাশে পুলিশ সুপার

যশোরের ঝিকরগাছায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজের পরিবারের খোঁজ নিয়েছেন জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

 

এ সময় পুলিশ সুপার শামীমের অন্ধ বাবার সঙ্গে কথা বলেন এবং মামলার অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন। তিনি বলেন, “অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে এবং ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়েছে। এই পরিবারটির ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।”

 

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শামীম পারভেজ। পরদিন মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার প্রধান অভিযুক্ত ইব্রাহিম খলিল ও তাঁর সহযোগী মামুনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ইব্রাহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই শামীমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

 

পরিবার পরিদর্শনের সময় নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর