ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান এবং স্বতন্ত্র হিসেবে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নির্বাচনী বিধি মেনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান।
এদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদাজামান পপি।
এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— জামায়াতে ইসলামীর মাওলানা আবু তালিব, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল, জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু, গণফোরামের খনিয়া খানম এবং স্বতন্ত্র প্রার্থী ওবাইদুল হক রাসেল ও মীর আমিনুল ইসলাম।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, এই আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে শেষ সময় পর্যন্ত ৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে।