খুলনা

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের খড়াশুনি গ্রামের দক্ষিণপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে আব্দুল আলিম (৪০), মনিরুল ইসলাম (৫০), টিটু হোসেন (৩০), নাজিম উদ্দিন (৩৩) ও মুদাচ্ছের হোসেনকে (৫০) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসু এবং সাধারণ সম্পাদক গোলাম রসুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে গোলাম রসুলের সমর্থকরা বাজার থেকে ফেরার পথে দক্ষিণপাড়া মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ হাসুর সমর্থকরা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুল অভিযোগ করে বলেন, "সভাপতি হাসানুজ্জামান হাসু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের অনুসারীদের নিয়ে দল গঠন করেছেন। তারাই এখন বিএনপি সেজে আমার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।" তবে এ বিষয়ে সভাপতি হাসানুজ্জামান হাসুর বক্তব্য পাওয়া যায়নি।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



সম্পর্কিত খবর