ঝিনাইদহে কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের মধুপুর চৌরাস্তায় সদর উপজেলার ভূপতিপুর গ্রামবাসী এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা জানান, 'অগ্রযাত্রা প্রতিদিন' নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মানিক মোল্লার নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ বাবলু ও লাবলুর রহমান বাবলু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু জাফর, যুগ্ম আহ্বায়ক মাফিরুল ইসলাম, ভূপতিপুর মারকাজ মসজিদের খতিব মুফতি আব্দুস সালাম, পোড়াহাটি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন আলমসহ আরও অনেকে।