খুলনা

ঝিনাইদহে চায়ের দোকানে ঢুকে পড়ল প্রাইভেট কার, নিহত ১

ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী প্রাইভেট কার সড়কের পাশের চায়ের দোকানে ঢুকে পড়ায় ইব্রাহিম হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিশুতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মণ্ডলের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গার দর্শনা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের প্রাইভেট কার মহেশপুর অভিমুখে যাচ্ছিল। পথে শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি চায়ের দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা ইব্রাহিম হোসেন গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনায় আহত অন্য তিন ব্যক্তি হলেন—রাখালভোগা গ্রামের বাবলু মণ্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে ও কদমতলা গ্রামের নাসির উদ্দিন। তাঁদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 


সম্পর্কিত খবর