‘তারুণ্যের প্রথম ভোট, গণতন্ত্রের পক্ষে হোক’—এই আহ্বানে ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের আদর্শপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি জেলা শাখা এই সভার আয়োজন করে।
সংগঠনটির জেলা সভাপতি উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মহব্বত হোসেন টিপু। সভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করে দেশের গণতান্ত্রিক ধারা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সভায় আরও বক্তব্য দেন মানবাধিকার সমিতির সহ-সভাপতি জহুরুল ইসলাম টগর, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিদ্যুৎ এবং পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টন। বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।