ঝিনাইদহে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পিঠা মেলা ও বসন্ত উৎসব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমি প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উৎসবে স্টলগুলোতে সাজানো ছিল দেশীয় ঐতিহ্যের নানা স্বাদের পিঠা। এর মধ্যে তালবড়া, চিকেনপুলি, পাকান, জামাই পিঠা, নকশি পিঠা, চন্দ্রপুলি ও পাটিসাপটাসহ প্রায় অর্ধশত পদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতির পরিচয় করিয়ে দিতে এই মেলায় ভিড় করেন শিশু, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পিঠা মেলার পাশাপাশি আয়োজিত বসন্তের গান ও শিশুদের পরিবেশনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। উৎসবে আসা অভিভাবক মুসকান রুবায়েত মিরা বলেন, “এই ধরনের আয়োজন আমাদের দেশীয় ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রশংসনীয় উদ্যোগ।” আরেক অভিভাবক গাউস গোর্কি মনে করেন, পড়াশোনার পাশাপাশি এমন সাংস্কৃতিক আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক।
আয়োজক প্রতিষ্ঠান মর্নিংবেল চিলড্রেন একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটন জানান, শিশুদের নির্মল আনন্দ দেওয়া এবং বাঙালি ঐতিহ্যকে টিকিয়ে রাখাই এই উৎসবের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।