ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রীজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও সহকারী (হেলপার) নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭) এবং একই গ্রামের জাফর মিয়ার ছেলে সহকারী মুবারক হোসেন (২০)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ডাল বোঝাই ট্রাকটি যশোর থেকে পাবনা অভিমুখে যাচ্ছিল। পথে বড়দাহ ব্রীজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেলিং ভেঙে নিচে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। আজ রোববার ভোরে মুবারক হোসেন এবং সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।