ঝিনাইদহে শীতের তীব্রতা বাড়ায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে এসব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
শহরের সমাজসেবা অধিদপ্তর প্রাঙ্গণ, পৌরসভা এলাকা, পৌর গোরস্থান ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সমাজের বিভিন্ন প্রান্তিক শ্রেণির মানুষ, বিশেষ করে প্রতিবন্ধী, প্রবীণ ও স্বামী পরিত্যক্তা নারীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ। তিনি বলেন, “শীতের তীব্রতা বাড়ার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।”
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ। এ ছাড়াও ঝিনাইদহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এই মানবিক কার্যক্রমে অংশ নেন।
শীতবস্ত্র হাতে পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন। জেলা প্রশাসন জানায়, পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এই সহায়তা কার্যক্রম সম্প্রসারিত করা হবে।