খুলনা

ঝিনাইদহে ২৩৭ কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’, বিশৃঙ্খলা রুখতে র‌্যাবের হুঁশিয়ারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা র‍্যাব ক্যাম্পের সদস্যরা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে জানান, নির্বাচনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

ঝিনাইদহের ৫৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৭টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। র‍্যাব-০৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এক ব্রিফিংয়ে বলেন, “ভোটকেন্দ্রের পরিবেশ নষ্ট করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স ও বিচারিক ম্যাজিস্ট্রেট টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।”



সম্পর্কিত খবর