ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঝিনাইদহে ৪০ জন নারী খেলোয়াড় ও সংগঠককে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাতীয় নারী ক্রিকেট দলে ডাক পাওয়া জোয়ারিয়া ফেরদৌস জয়িতা এবং জাতীয় নারী হকি দলে স্থান পাওয়া রিয়া আক্তারকে বিশেষভাবে সম্মানিত করা হয়। এছাড়া জাতীয় কাবাডিতে যশোর অঞ্চলে চ্যাম্পিয়ন দল, আন্তঃজেলা বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় রানার্সআপ এবং অনূর্ধ্ব-২৩ ভলিবলে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিজম কুমার সরকার, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, "নারীদের খেলাধুলায় আরও সুযোগ-সুবিধা ও যথাযথ পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও উজ্জ্বল করবে। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা সবসময় প্রতিভাবান নারী অ্যাথলেটদের পাশে থাকবে।"
অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহমেদসহ ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা সংবর্ধিত খেলোয়াড় ও সংগঠকদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন।