ঢাকা

টাঙ্গাইল-৫ আসনে বিদ্রোহী প্রার্থী হলেন জেলা বিএনপি সম্পাদক ফরহাদ ইকবাল

কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হকের কাছে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

 

নির্বাচনী এলাকাটিতে বিএনপি থেকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দেওয়া হলেও ফরহাদ ইকবালের এই বিদ্রোহী প্রার্থী হওয়া স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ফরহাদ ইকবালের প্রস্তাবকারী, সমর্থনকারীসহ তাঁর অনুসারী দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের ফরহাদ ইকবাল বলেন, “টাঙ্গাইল সদর উপজেলার মানুষ নিজেদের এলাকার সন্তানকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। সদরবাসীর সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি প্রার্থী হয়েছি। আমি এখনও বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতারা স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে আমাকেই সমর্থন দেবেন।”

 

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “সদরের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেবে।”

 

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় ফরহাদ ইকবালের বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপি কী ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, এখন সেটিই দেখার বিষয়।



সম্পর্কিত খবর