ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে চারটি যানবাহনের ধারাবাহিক সংঘর্ষে মা ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করেছে পুলিশ।
নিহতরা হলেন—ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) এবং তাঁর ১০ মাস বয়সী কন্যা তাজরিয়া কবির পিয়ম। তাঁরা টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারযোগে ঢাকার মিরপুরে ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাদিয়া ও তাঁর কন্যাকে বহনকারী সাদা রঙের একটি প্রাইভেটকার সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা আরও একটি প্রাইভেটকার এবং একটি যাত্রীবাহী বাস পর্যায়ক্রমে গাড়িগুলোকে ধাক্কা দিলে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। এতে সাদা প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, “চারটি যানবাহনের পর্যায়ক্রমিক সংঘর্ষে দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”