আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একই মঞ্চে দাঁড়িয়ে জনগণের নানা প্রশ্নের জবাব দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে পীরগঞ্জ উপজেলার মিনি স্টেডিয়ামে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীরা দুর্নীতিমুক্ত শাসন ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্বের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে দশজন প্রার্থী একই মঞ্চে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন। প্রার্থীরা হলেন—বিএনপির জাহিদুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ, গণ অধিকার পরিষদের মো. মামুনুর রশিদ, ইসলামী আন্দোলনের মো. আল আমিন, স্বতন্ত্র প্রার্থী আশা মনি, বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান সরকার, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা কান্ত রায় এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহাজাহান আলম।
বক্তব্যে বিএনপি প্রার্থী জাহিদুর রহমান শিল্পায়ন ও উচ্চশিক্ষার প্রসারে গুরুত্ব দেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মিজানুর রহমান কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত ও প্রতিটি ইউনিয়নে মিনি হাসপাতাল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও তরুণদের মাদক থেকে দূরে রাখার ওপর জোর দেন। গণ অধিকার পরিষদের প্রার্থী মামুনুর রশিদ তিনটি শিল্পকারখানা স্থাপনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের পীরগঞ্জ উপজেলা সভাপতি নসরতে খোদা রানা। সুজনের জেলা সাধারণ সম্পাদক শাহ মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা সরাসরি প্রার্থীদের কাছে এলাকার সমস্যা ও সমাধানের বিষয়ে প্রশ্ন করেন। প্রার্থীরা সবাই সুজনের ‘অঙ্গীকারনামা’র সাথে একমত হয়ে হাতে হাত মিলিয়ে তা বাস্তবায়নের শপথ নেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ভোটার ও প্রার্থীদের মধ্যে সমন্বয় করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানান সুজনের জেলা সভাপতি আবদুল লতিফ।