রাজনীতি

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (০৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলনের মো. খাদিমুল ইসলামের মনোনয়নপত্র প্রয়োজনীয় তথ্যাদি সঠিক থাকায় বৈধ হিসেবে গৃহীত হয়েছে।

 

এদিন বেলা ১১টা থেকে শুরু হওয়া বাছাই প্রক্রিয়ায় ঠাকুরগাঁও-২ ও ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থীদের ভাগ্যও নির্ধারিত হয়। রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, ঠাকুরগাঁও-২ আসনে জমা পড়া আটটি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ ঘোষণা করা হয়েছে। তবে নথিপত্রে ত্রুটি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেজাউল করিম ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাহাবউদ্দিন আহম্মেদের মনোনয়নপত্র স্থগিত করা হয়।

 

অন্যদিকে, ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে আটজনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়ন স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

 

বাছাই প্রক্রিয়া শেষে রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, "যাঁদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন বা আপিল করার সুযোগ পাবেন।"



সম্পর্কিত খবর