ঢাকা

ডুয়েটে শুরু হলো আন্তর্জাতিক প্রকৌশল কনফারেন্স

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) যন্ত্রকৌশল অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে ‘থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোসেস ইঞ্জিনিয়ারিং (আইসিএমএমপিই–২০২৬)’ শীর্ষক এই কনফারেন্সের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ। ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, “চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে মানব সভ্যতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মতো প্রযুক্তি বৈশ্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে টেকসই ও শক্তি-সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন আমাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে।”

 

কনফারেন্সে জানানো হয়, দুই দিনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও জার্মানিপ্রভৃতি দেশের গবেষকদের মোট ১৯৫টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। প্রথম দিনে জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকিও মিয়ারা এবং টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমিচি ওবারাসহ দেশ-বিদেশের খ্যাতনামা গবেষকরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

 

যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামীকাল কনফারেন্সের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।



সম্পর্কিত খবর