চট্টগ্রাম প্রতিদিন

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৮) মারা গেছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং ওই ওয়ার্ডের আরশাদ মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

 

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে নেতাকর্মীদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাত পৌনে ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়ক বিভাজনের ওপর উঠে গেলে জামাল উদ্দিনসহ অন্তত ৩২ নেতাকর্মী আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জামাল উদ্দিন এবং নেয়াজপুর ইউনিয়নের বিএনপি কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন জামাল উদ্দিন।

 

জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



সম্পর্কিত খবর