চট্টগ্রাম প্রতিদিন

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির সমঝোতা ও ইরাসমাস চুক্তি

উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তুরস্কের দুটি নামকরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তুরস্কের ইস্তাম্বুল নিশানতাসি ইউনিভার্সিটি এবং এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

 

এ ছাড়া এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে ‘ইরাসমাস প্লাস’ প্রোগ্রামের আওতায় নোবিপ্রবির একটি বিশেষ প্রাতিষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে। নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে তুর্কি বিশ্ববিদ্যালয় দুটির পক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের রেক্টররা স্বাক্ষর করেন।

 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, "এই চুক্তির মাধ্যমে নোবিপ্রবি ও তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হলো। এটি আমাদের গবেষকদের বৈশ্বিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ করে দেবে।" তিনি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দুটির রেক্টর এবং ইরাসমাস সমন্বয়কারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের ফলে উভয় দেশের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।



সম্পর্কিত খবর