আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে দিনাজপুর সদর এলাকাকে সম্পূর্ণ চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
শহরের মালদহপট্টিস্থ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জাহাঙ্গীর আলম বলেন, “বিএনপি সরকার গঠন করলে এবং আমি নির্বাচিত হলে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলা হবে। সন্ত্রাসী যে দলেরই হোক, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।” ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিতে তিনি চেম্বার নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক এই মেয়র আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে স্থানীয় ব্যবসায়ীদের পরামর্শ ও সহযোগিতায় দিনাজপুর সদরের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা হবে।
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মো. শামীম কবির এবং পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। এ সময় জেলা ও শহরের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।