পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুমোদনহীন অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে বাধা ও প্রশাসনিক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুজন্ত কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ও যৌথবাহিনী অভিযান চালিয়ে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী হাকিমপুর এলাকার আমিনুল হক (৪৮), মোসলেম উদ্দিন (৩৮) এবং মৌমারি হাকিমপুর এলাকার শাহিনুর ইসলাম (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে দেবীগঞ্জের দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ ও শিমুলতলী এলাকায় তিনটি অবৈধ ইটভাটা উচ্ছেদে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁদের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও ছিলেন। প্রশাসনের দল মৌমারি বাজারে পৌঁছালে ইটভাটার মালিক ও শ্রমিকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন এবং হামলা চালান। দীর্ঘ সময় রাস্তা অবরোধ করে সরকারি কাজে চরম বাধা দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসন উচ্ছেদ অভিযান স্থগিত করে ফিরে আসতে বাধ্য হয়।
সরকারি কাজে বাধা প্রদানের এ ঘটনায় ১৯ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা (মামলা নং-৯) দায়ের করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, “অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সরকারি কাজে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, মামলার পর রাতেই যৌথবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।