পঞ্চগড়ের দেবীগঞ্জে আধুনিক প্রযুক্তির প্রসার ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ কর্মসূচি সম্পন্ন হয়।
২০২৫-২৬ অর্থবছরে ‘দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ও চেংঠী ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বাসুদেব রায়।
প্রশিক্ষণে বোরো মৌসুমের বীজতলা তৈরি, শীতকালীন সবজি (মরিচ, টমেটো, বিটরুট ও শিম) এবং গ্রীষ্মকালীন ফল (ড্রাগন ও তরমুজ) চাষের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ফলজ গাছে সার প্রয়োগ, মুকুল ঝরা রোধ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল কৃষকদের হাতে-কলমে শেখানো হয়।
টেপ্রীগঞ্জ ইউনিয়ন থেকে আসা প্রশিক্ষণার্থী লাতিফুর রহমান বলেন, "আজকের প্রশিক্ষণে আমরা কৃষির অনেক নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছি। এই লব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগ করলে ফলন অনেক ভালো হবে বলে আশা করছি। এমন প্রশিক্ষণ তৃণমূলের প্রতিটি কৃষকের জন্য প্রয়োজন।"
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিনাত আরা এবং সুমাইয়া সাদিয়া। কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় বাতলে দেন এবং আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারে উদ্বুদ্ধ করেন।