জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে অরাজকতা ও অস্থিরতার বীজ বপন হয়েছে। তিনি বলেন, "যারা অপরাধ করেছে, তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করা উচিত। একটি সংগঠনের সবাই অপরাধী, এমন ধারণা করা অযৌক্তিক।"
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, "আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দলকে অযথা রাজনীতি ও নির্বাচন থেকে বাদ দেওয়া উচিত নয়। যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তবে প্রতিশোধপরায়ণ হয়ে বিচার প্রক্রিয়া ভেঙে ফেললে অস্থিরতা বাড়বে।"
তিনি আরো বলেন, "শেখ হাসিনার সময়ে যে একতরফা নির্বাচনের সমালোচনা করা হয়েছে, একই ভুল অন্তর্র্বতীকালীন সরকার করলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক।"
গোলাম মোহাম্মদ কাদের দেশের বর্তমান পরিস্থিতিতে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, "রাষ্ট্রযন্ত্রের সংস্কার ছাড়া সুন্দর ও টেকসই নির্বাচন সম্ভব নয়। ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোকে বাদ দিয়ে জাতীয় ঐক্য গঠন অবাস্তব। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের চেষ্টা করছি, কিন্তু আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে এবং অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে।"
সাংবাদিকদের সেলফ সেন্সরশিপ ও ভয়ভীতির পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "মিডিয়া আজ ভয় ও চাপের মধ্যে রয়েছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে না পারলে গণতান্ত্রিক পরিবেশও রক্ষা করা যাবে না।"
হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এরশাদ সবসময় জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছেন। তার সময়ে নেওয়া শিক্ষা ও স্বাস্থ্য নীতি, উপজেলা পরিষদ গঠন, এবং বিচার বিভাগের উন্নয়ন এখনো মানুষ সুফল হিসেবে গ্রহণ করছে।"
তিনি আরও উল্লেখ করেন, "১৯৯১ সালের সংসদীয় সরকার ব্যবস্থা চালুর পেছনে রাজনৈতিক দলগুলোর চক্রান্ত ছিল। এরশাদ কখনো জনগণের প্রত্যাশার বাইরে কাজ করেননি। বরং তাকে নিয়ে করা মিথ্যা মামলার দীর্ঘ ইতিহাস আজ প্রমাণ করে, তিনি ছিলেন দেশের সবচেয়ে গণতন্ত্রমনা রাষ্ট্রপ্রধান।"
সভায় গোলাম মোহাম্মদ কাদের সরকারের প্রতিশোধমূলক মনোভাবের সমালোচনা করে বলেন, "প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে সবার মতামতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে। শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের মাধ্যমেই কেবল দেশকে অস্থিরতার হাত থেকে রক্ষা করা সম্ভব।"
গোলাম মোহাম্মদ কাদেরের বক্তব্যে স্পষ্ট হয়েছে, দেশের চলমান রাজনৈতিক সংকট ও অস্থিরতার মূলে রয়েছে রাজনৈতিক দলগুলোর বিভাজন এবং ক্ষমতার অপব্যবহার। তার মতে, সবার অংশগ্রহণ নিশ্চিত করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমেই জাতির মুক্তি সম্ভব।
বায়ান্ন/এসএ