রাজনীতি

দেশে এখন নৌকা ও ধানের শীষ—এই দুই পক্ষ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে শুধু নৌকা ও ধানের শীষ—এই দুটি পক্ষই বিদ্যমান। শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি বাজার ও সোনাহার বাজারসহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

 

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “আমরা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। অথচ যারা তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। যুদ্ধের সময় বাড়িঘর লুটেরাদের বিষয়ে আপনাদেরই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।” তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

প্রচারণায় বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মহাসচিব বলেন, নির্বাচিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং সাধারণ মানুষের সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে ‘স্বাস্থ্যকার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত হবে।

 

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সকল ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে তাঁদের অধিকার আদায়ে কাজ করে যাবেন তিনি। পথসভাগুলোতে জেলা ও উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর