আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ মোট পাঁচজন প্রার্থী। এর মধ্যে চারজন দলীয় মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার বরাত দিয়ে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন—বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম রেজু, জামায়াতে ইসলামীর মো. খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ-৬ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে শেষ পর্যন্ত পাঁচজন তা জমা দেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।