রাজশাহী

নওগাঁ-৬ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দাখিলকৃত ৫ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

নওগাঁর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম যাচাই-বাছাই শেষে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে এ ঘোষণা দেন। আসনটিতে বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত শেখ মো. রেজাউল ইসলাম রেজু, জামায়াতে ইসলামীর মো. খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের মনোনয়নপত্রও বৈধ বলে গৃহীত হয়েছে।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় তথ্যের নির্ভুলতা ও প্রয়োজনীয় দলিলাদি সঠিক থাকায় এই ৫ প্রার্থীর আবেদন গ্রহণ করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাবেন।



সম্পর্কিত খবর