রাজশাহী

নওগাঁ-৬: জামানত হারাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থী

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম অংশ না পাওয়ায় সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) ভোট পেতে ব্যর্থ হলে জমা দেওয়া ৫০ হাজার টাকা জামানত বাজেয়াপ্ত করা হয়। নওগাঁ-৬ আসনে গত বৃহস্পতিবারের নির্বাচনে মোট ২ লাখ ৩২ হাজার ৯২৩টি ভোট সংগৃহীত হয়েছে। নিয়ম অনুযায়ী জামানত রক্ষায় প্রতিটি প্রার্থীর অন্তত ২৯ হাজার ১১৬টি ভোট প্রয়োজন ছিল।

 

ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির (মোটরসাইকেল) পেয়েছেন ১৯ হাজার ৬৩৮ ভোট। এ ছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) ৫৫৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম (হাতপাখা) ১ হাজার ৮৩৩ ভোট পেয়েছেন। ভোটের এই সংখ্যা নির্ধারিত সীমার নিচে হওয়ায় তাঁরা কেউই জামানত রক্ষা করতে পারছেন না।

 

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ) ১ লাখ ৮ হাজার ৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৯ ভোট। রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত এই আসনে গড় ভোটার উপস্থিতির হার প্রায় ৬৭ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ১ লাখ ৪৭ হাজার ৬১৮ জন ‘হ্যাঁ’ এবং ৫৮ হাজার ৫৩৭ জন ভোটার ‘না’ ভোট প্রদান করেছেন।



সম্পর্কিত খবর