রংপুর

নতুন পে-স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল বাস্তবায়ন ও ১১ থেকে ২০ গ্রেডের গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।

 

কর্মসূচি চলাকালে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত অবস্থান সভায় বক্তারা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশের আলটিমেটাম দেন। অন্যথায় সারা দেশে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই অবস্থান কর্মসূচি মঙ্গলবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

 

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি নুর আলম বাচ্চু বলেন, “সুপারিশকৃত বেতন কাঠামো ও গেজেট প্রকাশে কালক্ষেপণ করা হচ্ছে। ৬ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি মেনে না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”

 

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কয়েকশ কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে।

 



সম্পর্কিত খবর