পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রবাহ সচল করার লক্ষ্যে ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীতে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে শহরের ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাসউদ।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই অভিযানে নদীর ক্যাসেল ব্রিজ ত্রিমোহনা থেকে চাকলাপাড়া ব্রিজ পর্যন্ত কচুরিপানা ও আবর্জনা অপসারণ করা হবে। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাসউদ বলেন, “নদীকে দূষণমুক্ত রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। এই অভিযানের মাধ্যমে নবগঙ্গা নদীর নাব্য ফিরিয়ে আনা এবং শহরের পরিবেশ উন্নয়ন করা সম্ভব হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান এবং ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী কাজী মহসিন উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
আয়োজক সূত্রে জানা গেছে, নদীটি দীর্ঘ দিন ধরে কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরাট থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। প্রাথমিক এই পরিচ্ছন্নতা অভিযানের পর নদীর দখলমুক্ত করতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।