খুলনা

নবম পে-স্কেলের দাবিতে রেলওয়ে প্রকৌশল বিভাগের অবস্থান কর্মসূচি

বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী মোবারকগঞ্জ রেল স্টেশন প্রাঙ্গণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রকৌশল বিভাগের এসএসএই ও ওয়ে বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, পে-কমিশনের সুপারিশ দীর্ঘদিন বাস্তবায়িত না হওয়ায় তারা চরম আর্থিক বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দ্রুত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

মোবারকগঞ্জ রেল স্টেশনের কিম্যান ফোর নাজমুল হোসেন বলেন, "আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করেও ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। অবিলম্বে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

 

বিক্ষোভ সমাবেশে মেট আকরাম হোসেন ও হেড ট্রলি ম্যান আরিফুল রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাঠপর্যায়ের কর্মীদের বেতন বৈষম্য নিরসন না করলে রেলওয়ের রক্ষণাবেক্ষণ কাজে স্থবিরতা আসতে পারে।



সম্পর্কিত খবর