উপমহাদেশের প্রখ্যাত মরমী সাধক, দার্শনিক ও 'মলয়া' সংগীতের প্রবক্তা মহর্ষি মনোমোহন দত্তের ১৪৮তম জন্মোৎসব শুরু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) ১০ মাঘ প্রথা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের আনন্দ আশ্রমে তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জন্মোৎসব উপলক্ষে সাতমোড়া গ্রামে দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত ও মলয়া সংগীতপ্রেমীর সমাগম ঘটেছে। বিশেষ করে ভারতের ত্রিপুরা ও কলকাতা থেকে বিপুলসংখ্যক অনুসারী এই উৎসবে যোগ দিয়েছেন। উৎসবকে কেন্দ্র করে সাতমোড়ার বেলতলা এখন ভক্তদের পদচারণায় মুখর।
মহর্ষি মনোমোহন দত্ত মাত্র ৩১ বছরের নাতিদীর্ঘ জীবনে আট শতাধিক গান এবং ‘মলয়া’, ‘যোগ-প্রণালী’, ‘লীলা রহস্য’সহ অসংখ্য আধ্যাত্মিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর গানে স্রষ্টা ও সৃষ্টির অলৌকিক সম্পর্কের পাশাপাশি সমকালীন কুসংস্কার, সামাজিক বিভেদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ফুটে উঠেছে। উল্লেখ্য, তাঁর গানগুলোর সুরারোপ করেছিলেন প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দীন খাঁর জ্যেষ্ঠ ভ্রাতা আফতাবউদ্দীন খাঁ।
১৮৭৭ সালে জন্মগ্রহণ করা এই সাধক নিজ গুরু মহারাজ আনন্দ স্বামীর আদর্শে ‘আনন্দ আশ্রম’ প্রতিষ্ঠা করেন। তাঁর জীবনদর্শন ও সংগীত নিয়ে বর্তমানে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন জাতীয় সংস্থায় গবেষণা চলছে। আগামী ২০ মাঘ পর্যন্ত বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান ও মলয়া সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করা হবে।