ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা বিকাশে সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের মিলনায়তনে ‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘পক্ষ’ দলে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় এবং ‘বিপক্ষ’ দলে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের বিতর্ক চর্চা গুরুত্বপূর্ণ। পরিবার থেকে শুরু হওয়া শুদ্ধাচারই সমাজ থেকে দুর্নীতি দূর করতে সহায়ক হবে।”
অনুষ্ঠানের শুরুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন। আয়োজকরা জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাছাই পর্ব শেষে শ্রেষ্ঠ দুটি দলকে নিয়ে এই চূড়ান্ত বিতর্কের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।