নরসিংদী জেলা কারাগারে বন্দি অবস্থায় বাঁধন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবার একে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করলেও কারা কর্তৃপক্ষ একে ‘স্বাভাবিক মৃত্যু’ হিসেবে উল্লেখ করেছে।
নিহত বাঁধন নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার শঙ্কর তারনের ছেলে। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়।
নিহতের স্ত্রী অন্তি অভিযোগ করে বলেন, “দুই দিন আগেও স্বামীর সঙ্গে কথা হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। জেল পুলিশ হঠাৎ ফোন করে অসুস্থতার কথা জানিয়ে আমাকে হাসপাতালে ডাকেন। সেখানে গিয়ে দেখি তিনি মারা গেছেন। চিকিৎসকের তথ্যমতে, হাসপাতালে আনার অন্তত এক ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।”
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন নরসিংদী জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হুমায়ুন কবীর। তিনি বলেন, “পরিবারের অভিযোগ ভিত্তিহীন। বন্দির স্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।