আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ১১ দলীয় জোটের অভ্যন্তরে চরম কোন্দল দেখা দিয়েছে। জোটের মনোনীত একক প্রার্থী ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নিজ জোটের শরিকদের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’ ও গোপনে অন্য প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন।
রোববার এক ফেসবুক বার্তায় সারোয়ার তুষার দাবি করেন, জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে কিছু নেতা-কর্মী গোপনে ভিন্ন প্রার্থীর প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, “জোট মানে ওয়াদা ও সংহতি। কোনো আদর্শিক সংগঠন ওয়াদার বরখেলাপ করতে পারে না। অথচ প্রকাশ্যে সমর্থন দিলেও গোপনে আড়ালে অন্য কাজ করা হচ্ছে।”
নির্বাচনী সমীকরণ বিশ্লেষণে দেখা যায়, এই আসনে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী থাকলেও জোটের স্বার্থে তুষারকে সমর্থন দেয় দলটি। এমনকি ব্যালট থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দেওয়ার আবেদনও করা হয়েছিল। তবে আইনি জটিলতায় ব্যালটে প্রতীকটি থেকে যাওয়ায় বিভ্রান্তি চরম আকার ধারণ করেছে। তুষারের অভিযোগ, এক শ্রেণির নেতা-কর্মী দলীয় নির্দেশ অমান্য করে এখনো ‘দাঁড়িপাল্লা’র পক্ষেই মাঠ গরম করছেন।
বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রতীক জটিলতা ও মাঠপর্যায়ের এই দ্বন্দ্ব নিরসন না হলে ভোটের মাঠে ১১ দলীয় জোট বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। জোটের শীর্ষ নেতৃত্ব দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ ভোটারদের মাঝে বিভ্রান্তি আরও বাড়বে।