আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ইশতেহার প্রকাশ করেন।
ইশতেহারে নরসিংদীকে একটি আধুনিক, মানবিক ও পরিকল্পিত জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে শিক্ষা খাতের উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং গ্যাস, বিদ্যুৎ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
খায়রুল কবির খোকন তাঁর বক্তব্যে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও বাসযোগ্য নরসিংদী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার পাশাপাশি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আগামী নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।