ঢাকা

নরসিংদীতে ক্র্যাব সদস্যদের ওপর হামলা, আহত ১০

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকার অপরাধ প্রতিবেদক ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। চাঁদা না দেওয়ায় সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সংঘবদ্ধ এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন, যাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

 

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যদের বহনকারী বাসটি পিকনিক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় একদল সন্ত্রাসী গাড়ির কাছে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এস এম ফয়েজ এবং ক্র্যাবের কর্মী লালসহ ১০ জন আহত হন। এ সময় বাসে থাকা নারী ও শিশুদের ওপরও হামলার চেষ্টা চালানো হয়।

 

আহত সাংবাদিকরা অভিযোগ করেন, হামলার বিষয়টি জেলা পুলিশ সুপারকে তাৎক্ষণিক জানানো হলেও পুলিশের পৌঁছাতে দেরি হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তবে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

পুলিশ সুপার বলেন, “ঘটনাস্থল থেকে ইতিমধ্যে দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” বর্তমানে ঘটনাস্থল ও আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।



সম্পর্কিত খবর