বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ভাগদী মীরবাড়ীর মোড় এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, "দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তিনি আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রায়হান, শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন।
বিএনপি নেতা নুরুল হক খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মাহফিলে মকবুল হোসেন ভূঁইয়া, আলম ভূঁইয়া, জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।