নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে শর্ত পূরণ না হওয়ায় এবং তথ্যগত ত্রুটির কারণে এসব প্রার্থীর আবেদন বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে নরসিংদী-২ (পলাশ) আসনের তিনজন এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের একজন রয়েছেন। এর আগে গত ২৯ ডিসেম্বর পলাশ আসনে ৮ জন এবং মনোহরদী-বেলাব আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
নরসিংদী-২ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন— ইনসানিয়াত বিপ্লবের মো. ইব্রাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব ইঞ্জিনিয়ার মহসিন এবং জাতীয় পার্টির এ. এন. এম রফিকুল আলম সেলিম। অন্যদিকে, নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী শরিফুল ইসলাম শাকিলের বিরুদ্ধে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করার লিখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, নির্বাচনি বিধিমালা ও প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় যাচাই-বাছাই শেষে এই চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।