ধর্মীয় চেতনাকে জাগ্রত করে ইসলামের আদর্শভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নরসিংদীর শিবপুরে “পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই জলসার আয়োজন করে খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ নরসিংদী জেলা শাখা কর্মী গ্রুপ।
বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মো. আলী হোসেন আকন্দের সভাপতিত্বে এবং মাওলানা মো. মহসীন আলীর সঞ্চালনায় জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও নরসিংদী জেলা কর্মী গ্রুপের কর্মী প্রধান মো. শফিউদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার এবং শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম মৃধা।
এ সময় দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ইসলামের দাওয়াত, নৈতিকতা, মানবকল্যাণ এবং নবী করিম (সাঃ)-এর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইসলামই একমাত্র শান্তির পথ উল্লেখ করে খাজা বাবা ফরিদপুরি-এর খাস মহব্বত দিলে পয়দা করে অন্তরাত্মাকে আল্লাহর নূরের তাজাল্লিতে আলোকিত করার আহ্বান জানান।
আলোচনাকারী ওলামায়ে কেরামগণের মধ্যে ছিলেন— বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব মাঈনুদ্দিন আহম্মদ জালালাবাদী, মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক ওসমানী, মুফতি মাসুদুর রহমান হামিদী, আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি হাসান সিরাজী, মাওলানা জাহিদ হাসান জাকির এবং মাওলানা মো. মহসীন আলী প্রমুখ।
জলসায় বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মো. জসীম উদ্দিন জুয়েল, নাসিমুল গণি জুয়েল, মো. আবুল হোসেন, মো. শহীদুল্লা বাবু, মো. খায়রুল আলম ভূঁইয়া, শাহাদাত হোসেন রাজন ও মো. তানিন ভূঁইয়া সহ কয়েক সহস্রাধিক ভক্ত, আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে জলসাস্থল ভক্ত ও আশেকান-জাকেরানদের মিলনমেলায় পরিণত হয়।