ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ১০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা উপজেলা ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁদের নিজ নিজ ফরম জমা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীনা নাছরিনের কাছে প্রার্থীরা পালাক্রমে মনোনয়নপত্র জমা দেন। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এম এ হান্নান। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম এবং খেলাফত মজলিস বাংলাদেশের মাওলানা শহিদুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন।
অন্যান্য প্রার্থীর মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হোসাইন আহমেদ আজাদী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা ইসলাম উদ্দিন দুলাল। হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য এসএকে একরামুজ্জামান সুখন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি (বহিষ্কৃত) ইকবাল চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম ও এম এ হাবিবুর রহমান।
উপজেলা ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সুশৃঙ্খলভাবে তাঁদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।