রংপুর

নীলফামারী-৩ আসনে বিএনপি-জামায়াতসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন প্রার্থী। সোমবার (৩০ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল পাঁচটা পর্যন্ত নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিনের দপ্তরে এই আবেদনপত্রসমূহ জমা দেওয়া হয়।

 

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ সৈয়দ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সরকার।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এদিন বিকেল থেকেই প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তাদের নথিপত্র হস্তান্তর করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আগামী দিনগুলোতে যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন।



সম্পর্কিত খবর