নোয়াখালীর কবিরহাট উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান (জিআইএসভিত্তিক) প্রণয়ন ও আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কবিরহাটের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কবিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুমেল বড়ুয়া, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও কর্মশালায় জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ কার্যক্রমে অংশ নেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ফাহিম আহমদ দিব্য।
কর্মশালায় উপস্থিত আলোচকগণ গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার চিহ্নিতকরণ ও তথ্য যাচাইকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।