নোয়াখালী সদর উপজেলায় ডাকাতির সময় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘ এক বছর পর ইউসুফ ওরফে রুবেল (৩৭) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা শহরের সুধারাম মডেল থানা এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে র্যাব-১১-এর নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ইউসুফ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আব্দুল হালিমের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে একটি বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের পাশাপাশি পরিবারের এক গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা দায়েরের পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, "এই নৃশংস ঘটনার পর তদন্তে নেমে আমরা ইতোমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করেছি, যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামি ইউসুফকে শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ও নোয়াখালী র্যাবের যৌথ দল তাকে সুধারাম এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।"
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।