দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া ও সদরের একাংশ) আসন থেকে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর লায়ন নূর ইসলাম তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, "অবহেলিত নড়াইল ও লোহাগড়ার উন্নয়নে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং সড়ক ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করে নড়াইলকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চাই।"
এ সময় জেলা ও উপজেলা গণঅধিকার পরিষদসহ যুব অধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইলের দুটি সংসদীয় আসনে বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে ১৫ জন এবং নড়াইল-২ আসনে ৯ জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতার আবেদন দাখিল করেছেন।