নড়াইলের লোহাগড়া উপজেলায় দুলু শেখ (৪৫) নামে এক ইজিবাইক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল রোববার বিকেলে লোহাগড়া-দিঘলিয়া সড়কের তেলপাম্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা দুলু শেখের ইজিবাইক ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত দুলু শেখ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের হিরু শেখের ছেলে। বর্তমানে তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড থেকে দিঘলিয়া যাওয়ার কথা বলে রাকিব মন্ডলসহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি দুলুর ইজিবাইকটি ভাড়া নেন। ইজিবাইকটি দিঘলিয়া তেলপাম্প সংলগ্ন কবরস্থানের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সহযোগীরা মিলে দুলু শেখের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় এবং ইজিবাইকসহ নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর অভিযোগ, পূর্বশত্রুতার জেরে নোয়াগ্রামের মুজিবর শেখ ও আবু সাইদ শেখসহ আরও কয়েকজন এই পরিকল্পিত হামলা চালিয়েছে।
এ ঘটনায় আজ সোমবার লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, "ঘটনাটি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"