মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইলে অনুষ্ঠিত কিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির জেলা আহ্বায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দুই গ্রুপে বিজয়ী ১০ জন হিফজ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে গত ২৬ ডিসেম্বর শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন স্কুল অব সায়েন্স চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও সমাজসেবক ড. খান আব্দুস সোবহান। তিনি বলেন, "নতুন প্রজন্মের নৈতিক মানোন্নয়ন ও শহীদদের ত্যাগের মহিমা ছড়িয়ে দিতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম বলেন, "তরুণ প্রজন্মকে আলোকিত করতে ও মানবিক মূল্যবোধ গঠনে পবিত্র কোরআন শিক্ষার বিকল্প নেই। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব আমিরুল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আল-আমিন মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।